রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ জানুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
শেয়ার

‘আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি আবারও বড় বিপদে পড়বে’


Asif-Mahmud

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন জায়গায় ইতিবাচক বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে দলটি আবারও বড় ধরনের সংকটে পড়বে। একই সঙ্গে এতে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে তিনি শ্রদ্ধা করেন। তবে তার মতে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেওয়াই ছিল একটি বড় রাজনৈতিক ভুল। তিনি বলেন, বাকশালের মাধ্যমে মানুষের অধিকার হরণকারী দল আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জীবনের শেষ সময়গুলো তিনি অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন। একই সঙ্গে ১/১১–এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে বলে দাবি করেন তিনি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।