
শুক্রবার (৩০ জানুয়ারি) পরিচালক এস এস রাজামৌলি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন বিগ বাজেটের সিনেমা ‘বারাণসী’-এর নতুন পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে মহাবিশ্বের এক গ্রহ থেকে পৃথিবীতে উল্কা ও ধুমকেতুর আলো ছিটকে পড়ছে, অসংখ্য গ্রহাণুর মাধ্যমে ইংরেজি সংখ্যা ৭ তৈরি হয়েছে।
নির্মাতা পোস্টারের ক্যাপশনে লিখেছেন, “৭ এপ্রিল, ২০২৭” এবং হ্যাশট্যাগের মাধ্যমে সিনেমার নাম প্রকাশ করেছেন। পোস্টারের এক পাশে এপ্রিল এবং অন্য পাশে ২০২৭ লেখা আছে।
রাজামৌলির এই পোস্টার প্রকাশের পরই স্পষ্ট হয়ে গেছে যে ‘বারাণসী’ ৭ এপ্রিল, ২০২৭ থেকে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ১৩০০ কোটি রুপি খরচে নির্মিত এই সিনেমা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়াচ্ছে এবং দর্শকরা এর প্রদর্শনের জন্য অপেক্ষা করছেন।
সিনেমাটি মূলত একটি ‘গ্লোবাল ট্রটার’ বা বিশ্বভ্রমণ ভিত্তিক অ্যাডভেঞ্চার ঘরানার গল্প। পৌরাণিক নানা কাহিনীর মিশ্রণে গল্প এগোবে প্রধান পুরুষ চরিত্র রুদ্র (মহেশ বাবু) এবং প্রধান নারী চরিত্র মন্দাকিনী (প্রিয়াঙ্কা চোপড়া)কে কেন্দ্র করে।
মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় ৫১২ সালের বারাণসীর চিত্রও অন্তর্ভুক্ত থাকবে।

‘বারাণসী’-এর সঙ্গীত পরিচালনা করেছেন এম এম কীরবানি, যিনি রাজামৌলির পূর্ববর্তী সিনেমা RRR-এর জন্য অস্কার জয় করেছিলেন। সিনেমার প্রযোজনা করেছেন কে এল নারায়ণা ও এস এস কার্তিকেয়া, ব্যানার শ্রী দুর্গা আর্টস ও শোয়িং বিজনেস-এর তত্ত্বাবধানে।
এই সিনেমা দর্শকদের জন্য অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং পৌরাণিক কাহিনীর এক মহাকাব্যিক যাত্রা উপস্থাপন করবে।









































