রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

১২ ফেব্রুয়ারি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান


tareque-rahman

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হবে যদি সঠিক প্রার্থীকে ভোট দেওয়া হয়। শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, এটি হবে মানুষের অধিকার ফিরিয়ে আনার দিন। তাই এই নির্বাচন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান।

তারেক রহমান আরও বলেন, বিগত দিনে বড় বড় মেগা প্রজেক্টের সঙ্গে মেগা দুর্নীতিও দেখা গেছে। খুন, গুম, গায়েবি মামলা—সবই ঘটেছে। এই অবস্থা পরিবর্তনের সময় এসেছে। ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ১২ তারিখের ভোট গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ কেমন চলবে, তার সিদ্ধান্ত নিতে জনগণ এগিয়ে আসবে।

তিনি বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস রফতানি করা হবে। পাটশিল্পে মিল কারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে।

এসময় তিনি টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইলে সফর করা তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। সভাস্থল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়।

পথসভায় আরো উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।