রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

আগামীকাল যশোর যাচ্ছেন তারেক রহমান


নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় সমাবেশ শেষে তিনি হেলিকপ্টারযোগে যশোরের জনসভায় যোগ দেবেন।

সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি সমাবেশ। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রাজনীতি সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরপরই তারেক রহমানের এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল কাজ করছে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যশোরবাসীর জন্য কী নতুন বার্তা নিয়ে আসছেন।

এদিকে উপশহর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, বিশাল কর্মযজ্ঞ চলছে। শ্রমিকরা তৈরি করছেন মাঠের উত্তর পাশের সুবিশাল জনসভা মঞ্চ। মাঠের সাজসজ্জা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ চলছে পুরোদমে।

কর্মরতরা জানান, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে যশোর উপশহর কলেজ মাঠে আসবেন। আমরা দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু করব। চেয়ারম্যান মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির প্রার্থীরা বক্তব্য দেবেন। প্রায় ২ লাখ মানুষের জনসমাগমের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।