
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত আমিরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট ছড়িয়েছে, তাতে নারীদের সম্পর্কে চরম অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেন, এই বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এ সময় এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে ব্যাখ্যা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা প্রত্যাখ্যান করে ছাত্রদল নেতারা বলেন, হ্যাকের দাবি বিশ্বাসযোগ্য নয়। তাদের মতে, এই পোস্ট নারীদের বিষয়ে জামায়াতের প্রকৃত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
বক্তারা আরও বলেন, নারীরা দেশের অর্থনীতি ও সমাজের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও জামায়াত নারীদের ঘরে আবদ্ধ রাখার চিন্তাভাবনা করে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই পোস্টকে দলটির নারীসংক্রান্ত অবস্থানের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।







































