রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
শেয়ার

জামায়াত ইসলামের নামে মিথ্যাচার করছে: চরমোনাই পীর


Rezaul-Karim

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন চরমোনাই পীর। লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সমর্থনে জনসভাটি আয়োজন করা হয়।

সভায় রেজাউল করীম বলেন, প্রচলিত আইনেই দেশ চালাতে চায় জামায়াত এবং একই সঙ্গে তারা আমেরিকা ও ভারতের গোলামি করতে আগ্রহী। জনগণ এ ধরনের ভাঁওতাবাজির রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ইসলামের নামে এ ধরনের তামাশা ধর্মপ্রাণ মুসলমানরা আর বরদাস্ত করবে না। জামায়াতের মুখে এক কথা আর অন্তরে অন্য কথা—এ ধরনের দ্বিচারিতা কোনো ইসলামী দলের হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ পরিচালনার পরও কি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে—সে প্রশ্ন এখন জনগণের সামনে। একই নিয়মে আবার কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন চরমোনাই পীর। তিনি বলেন, আমেরিকার ইনসাফ ও ভারতের ইনসাফ বাংলার মানুষ আর দেখতে চায় না। জামায়াত গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে তাদের তথাকথিত ইনসাফ বাস্তবায়ন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হলো হাতপাখা। হাতপাখা ক্ষমতায় যেতে পারলে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করা হবে এবং ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে কাজ করা হবে।

তিনি আরও বলেন, এই আসনে খালেদ সাইফুল্লাহ বিজয়ী হলে এলাকার প্রধান সমস্যা নদীভাঙন রোধে তিন হাজার ১০০ কোটি টাকার বরাদ্দ শতভাগ বাস্তবায়ন করা হবে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে ভুলুয়া নদী খনন করা হবে।

এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, ভূমি খাতের দুর্নীতি বন্ধ, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কৃষক ও জেলেদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা হাবিবুর রহমান মিসবাহ, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক জহির উদ্দীন।