
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি চিরতরে বন্ধ হবে এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবসান ঘটবে। তিনি বলেন, এই জোট বিজয়ী হলে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনকারী ও ইসলামী সমমনা দলগুলো রয়েছে এবং সারা দেশে এই জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো নয়; এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গুণগত পরিবর্তনের নির্বাচন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে সরকার পরিবর্তন হলেও দুর্নীতির পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। তবে এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলে দেশে দুর্নীতি বন্ধের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।









































