
ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (১ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
সোনার বাজারে গত কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত শনিবার সকালে ভালো মানের সোনার দাম ভরিতে একলাফে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল যা গতকাল সকাল থেকেই কার্যকর হয়। তবে এই দাম কমানোর মাত্র ১১ ঘণ্টার মাথায় রাতে আবার ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস। একদিনের ব্যবধানে বিশাল অংকের দাম কমানো এবং আবার বাড়ানোর নাটকীয়তার পর আজ সোমবার থেকে আবারও দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা করা হয়েছে।
সোনার দামের এই ঘনঘন পরিবর্তন হলেও রুপার বাজারে কোনো প্রভাব পড়েনি। আগের মতোই ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা ভরি হিসেবে বিক্রি হচ্ছে।
সোনার বাজারে এই বারবার দামের ওঠানামা নিয়ে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।










































