রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার

‘ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন ব্যবস্থা চালু হচ্ছে’


Hasnat Abdullah

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, একটি পক্ষ ‘ফ্যামিলি কার্ডের’ নামে চাঁদাবাজির নতুন ব্যবস্থা চালু করে জনগণের অর্থ লুটপাটে নেমেছে এবং আরেক পক্ষ বিদেশনির্ভর রাজনীতিতে ডুবে আছে।

সোমবার দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা উপলক্ষে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এলাকায় চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে এবং গত দেড় বছরে চাঁদাবাজদের কারণে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাথর ও কয়লা খনি এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়নি।

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দেশ আবার সংকটের দিকে যাবে। তিনি ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে বলেন, বিকল্প পথে ক্ষমতায় আসার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।

সভাপতির বক্তব্যে দিনাজপুর–৫ আসনে এনসিপি ও জোট সমর্থিত প্রার্থী ডা. আব্দুল আহাদ নির্বাচনী ইশতেহার ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।