
ফাইল ছবি
দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বরিশালজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। মঙ্গলবার সকাল থেকেই জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলে। নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে নগরসহ বিভিন্ন উপজেলায় মাইকিং করা হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর শীর্ষ নেতার আগমনকে ঘিরে উপকূলীয় অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তার এই আগমনকে স্থানীয় বিএনপির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বরিশাল অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ তৈরি হয়েছে। বুধবারের জনসভার মধ্য দিয়ে সেই গণজাগরণের প্রকাশ ঘটবে। বেলস পার্ক ময়দান ছাড়িয়ে পুরো বরিশাল শহর জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বিভাগীয় ২১টি আসনের বিএনপি প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় বরিশাল অঞ্চলের উন্নয়নসংক্রান্ত একাধিক দাবি তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। দাবির মধ্যে রয়েছে—ভারী শিল্প ও ভোলার গ্যাস বরিশালে এনে সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তিকেন্দ্র স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গঠন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বহুজাতিক শিল্পকারখানা স্থাপন এবং জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেলস পার্কে গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণের কাজ পুরোদমে চলছে। বিকেলের দিকে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মাঠসংলগ্ন ভবনগুলোতে সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। পাশাপাশি মোবাইল টহল জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।











































