
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকড হওয়ার ঘটনার পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডলেও সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ের পর দুর্বৃত্তরা ওই আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে জামায়াতের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে পোস্টটি মুছে ফেলা হয়। পাশাপাশি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, দুষ্কৃতকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, দ্রুতই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।









































