
ভিডিও থেকে নেওয়া ছবি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি ‘নারীবিদ্বেষী’ পোস্টকে কেন্দ্র করে ভোটের প্রচারণার মধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্টটি দেওয়া হয়েছিল।
এই ঘটনার প্রতিবাদ ও তদন্ত দাবিতে মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে অভিযোগ জমা দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
তিনি আরও জানান, তাকে আটক করতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের একটি সরকারি স্থাপনায় অভিযান চালানো হয়।
এর আগে বিকেলে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জামায়াত নেতারা বলেন, প্রতিনিধি দলটি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠকে তারা অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।









































