রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১২ অপরাহ্ন
শেয়ার

মতামত জরিপ

বিএনপিকে ভোট দেবেন ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক


survey

সারা দেশে পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সমর্থকদের উল্লেখযোগ্য অংশ এখন বিএনপিকে ভোট দিতে আগ্রহী। জরিপ অনুযায়ী, আওয়ামী লীগ ঘরানার প্রায় ৪৮ শতাংশ ভোটার বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। বাকি ৫২ শতাংশ ভোটার অন্য দল বা প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার কথা ভাবছেন।

‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এই জরিপ প্রতিবেদন বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভিজিটিং প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। গবেষণার ফলাফল উপস্থাপন করেন সিআরএফ-এর স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ।

প্রতিবেদনে ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের রাজনৈতিক মনোভাব, অংশগ্রহণের আগ্রহ, নেতৃত্বের পছন্দ এবং নির্বাচনী পরিবেশ নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। স্ট্রাটিফায়েড র‌্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে তথ্য সংগ্রহ করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১১ হাজার ৩৮ জন ভোটার অংশ নেন।

জরিপে দেখা যায়, ৯০ শতাংশের বেশি ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী। প্রায় ৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন বা ভোটে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চিত। লিঙ্গ, বয়স, শিক্ষা বা বসবাসের স্থানভেদে ভোটদানের আগ্রহে বড় কোনো পার্থক্য পাওয়া যায়নি।

ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে দুর্নীতি ও সুশাসন। প্রায় ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়েছেন তুলনামূলকভাবে কম—৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার।

নেতৃত্বের প্রশ্নে ভোটাররা ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতা ও কার্যকর নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

দলভিত্তিক পছন্দের ক্ষেত্রে দেখা যায়, সাবেক আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশ বিএনপির দিকে ঝুঁকছেন, ২৯ শতাংশ জামায়াতকে ভোট দিতে আগ্রহী, আর বাকিরা অন্য বিকল্প বিবেচনা করছেন। অন্যদিকে ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে পছন্দ করছেন।

ভোট দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ভোটার দল নয়, প্রার্থীকে বেশি গুরুত্ব দেন বলেও জরিপে উঠে এসেছে। প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার জানিয়েছেন, তারা প্রার্থী অথবা প্রার্থী ও দল—উভয় বিষয় বিবেচনা করেই ভোট দেবেন। এর মধ্যে ৩০ দশমিক ২ শতাংশ শুধু প্রার্থীকে এবং ৩৩ দশমিক ২ শতাংশ প্রার্থী ও দল দুটিকেই সমান গুরুত্ব দেন।