
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি জনগণের অর্থ ও সমর্থনের ওপর ভিত্তি করেই রাজনীতি করবেন এবং কোনো ধরনের অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না।
বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ মাদ্রাসা মাঠে শাপলা কলি প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি বলেন, রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে জনগণের সহযোগিতা চান এবং অর্থ দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের সুযোগ থাকবে না। আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি সুবিধাবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে। এই রাজনৈতিক অপসংস্কৃতি আর চলতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরবেন, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তবে অবৈধ কর্মকাণ্ড চলতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দলীয় পরিচয় নয়, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাস্তাঘাট সংস্কারসহ প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগে কোনো ধরনের টাকার প্রলোভন প্রত্যাখ্যান করে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।









































