শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
শেয়ার

শাবিপ্রবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫


sabipobi

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর, দুজন শিক্ষকসহ উভয় বিভাগের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলা ও লোকপ্রশাসন বিভাগ। মাঠের উত্তর পাশে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এবং দক্ষিণ পাশে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। খেলার এক পর্যায়ে লোকপ্রশাসন বিভাগের একজন ফিল্ডারকে ‘স্লেজিং’ করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিপরীত পক্ষকে লক্ষ্য করে লাঠি, চেয়ার ও ইটপাটকেল ছুড়তে শুরু করে।

দফায় দফায় সংঘর্ষ চলতে থাকায় সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং দুই বিভাগের শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বাংলা বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী ও লোকপ্রশাসন বিভাগের অন্তত ১১ জন শিক্ষার্থী রয়েছেন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য অনাকাঙ্ক্ষিত। তবে ন্যায্যতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা এভাবে লাঞ্ছিত হওয়া কাম্য নয়। যারা দায়িত্বশীল আচরণে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া হবে।