
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুরে যাচ্ছেন। বেলা ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
তার এই সফর ও জনসভাকে কেন্দ্র করে পিরোজপুর জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ জানিয়েছেন, জনসভার জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’র আদলে একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ও শৈল্পিক মঞ্চ নির্মাণ করা হয়েছে। আনুষঙ্গিক সাজসজ্জা এবং জনসভার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই জনসভায় পিরোজপুর ও আশপাশের জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সভায় উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ডা. শফিকুর রহমান পিরোজপুরের তিনটি আসনের জামায়াত জোটের প্রার্থীদের জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এই সভায় কেন্দ্রীয় ও জোটের শীর্ষ নেতাদের এক বিশাল বহর উপস্থিত থাকার কথা রয়েছে। জনসভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পিরোজপুরের তিনটি আসনে জোটের প্রার্থীরা বেশ আলোচনায় রয়েছেন। পিরোজপুর-১ ও ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহিদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে যথাক্রমে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। এছাড়া পিরোজপুর-৩ আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী হিসেবে লড়ছেন ড. শামীম হামিদী।
আমিরের এই আগমন উপলক্ষে পিরোজপুর শহরজুড়ে গত বুধবার থেকেই মিছিল ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছে নেতা-কর্মীরা। জনসভা সফল করার লক্ষে বুধবার জেলা জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। এখন কেবল আমিরের আগমনের অপেক্ষা, যা পিরোজপুরের নির্বাচনি সমীকরণকে আরও চাঙা করে তুলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।









































