
ছবি: সংগৃহীত
বরিশালের ঝালকাঠিতে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অপ্রত্যাশিত এক ঘটনার সাক্ষী হলেন উপস্থিত জনতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভার সময় স্থানীয় এক সমর্থকের দেওয়া একটি শীতল পাটি উপহার পান। শীতল পাটিটি পেয়ে মঞ্চেই কয়েক মুহূর্তের জন্য শুয়ে পড়েন তিনি।
যদিও ঘটনাটি কিছুক্ষণের জন্যই স্থায়ী হয়, পরবর্তীতে জামায়াত আমির উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নির্বাচনি কার্যক্রম নিয়ে আলোচনা চালিয়ে যান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ হাদি ঝালকাঠির গর্ব। তিনি কোনো দলের নয়, পুরো জাতির সন্তান। তিনি আধিপত্যবাদমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বুকে ধারণ করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা সরকার গঠন করলে তার হত্যার সঠিক বিচার হবে।
তিনি আরও বলেন, হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী জোট সরকার গঠন করলে শহীদের পরিবার শুধু সান্ত্বনা নয়, ন্যায়বিচার পাবে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু, জামায়াত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনের জামায়াত প্রার্থী এসএম নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন এবং ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না।









































