
সংগৃহীত ছবি
আগামী ১২ তারিখের নির্বাচন বানচাল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আজকের বর্বরোচিত হামলা মূলত নির্বাচন নস্যাৎ করার একটি নীল নকশা। তবে এই ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন নির্ধারিত সময়েই অর্থাৎ ১২ তারিখেই হতে হবে।
ভিডিও বার্তায় জাবের আসন্ন ‘জুলাই গণভোটে’ দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে ক্ষমতায় আনার ওপর জোর দেন তিনি।
হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে জাবের বলেন, তাদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। তার পাশে থাকা সালাউদ্দিন আম্মারকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তার মুখে সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এছাড়া শান্তা নামের এক কর্মীকে গলা টিপে ধরা হয়েছে এবং পুলিশ অনেককে নির্বিচারে পিটিয়েছে। পুলিশের এই পিটুনিতে ফাহিমসহ বেশ কয়েকজন কর্মীর হাত ভেঙে গেছে এবং একজনকে অক্সিজেন দিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
বক্তব্যের শেষে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইতিমধ্যে আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপর যদি আরও প্রাণহানি ঘটে, তবুও নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারা যদি এই হামলার বিষয়ে সঠিক পদক্ষেপ না নেয়, তবে আমরা তাদের জীবন অতিষ্ঠ করে তুলব।






































