
ফাইল ছবি
ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, আজ ৭ ফেব্রুয়ারি থেকেই শুল্ক প্রত্যাহারের এই নির্দেশনা কার্যকর হবে।
শুল্ক প্রত্যাহারের মাত্র কয়েক দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিশ্চিত করেন। তবে এই চুক্তির শর্ত নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন, এই চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যদিও প্রধানমন্ত্রী মোদি তার পোস্টে রুশ তেল বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শুক্রবার স্বাক্ষরিত আদেশে ট্রাম্প পুনরায় উল্লেখ করেন যে, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার অঙ্গীকার করেছে। আদেশে আরও বলা হয়েছে, আগামী ১০ বছরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ওয়াশিংটনের সাথে একটি বিশেষ কাঠামোতে সম্মত হয়েছে নয়াদিল্লি।
প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে রয়েছে। বিশেষ করে ২০২২ সালের ৮ মার্চ জারি হওয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত ‘নির্বাহী আদেশ ১৪০৬৬’ পালনে ভারত উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও ভারত সাশ্রয়ী মূল্যে রুশ তেল কেনা চালিয়ে যাচ্ছিল, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণ ছিল। ট্রাম্পের এই নতুন নির্বাহী আদেশের ফলে সেই বিরোধের অবসান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২৫ শতাংশ বাড়তি শুল্ক প্রত্যাহারের ফলে ভারতীয় পণ্য এখন আগের চেয়ে সহজে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে।



































