দক্ষিণ ভারতের সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই বক্স অফিসে কম্পন সৃষ্টি করছে। আগামী ১৯ মার্চ পর্দায় আসার কথা থাকলেও সিনেমাটি ইতিমধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে আলোচনার তুঙ্গে উঠে এসেছে।
সম্প্রতি ছবিটির তেলেগু ডাবিং স্বত্ব বা রাইটস ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা তেলেগু সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডের তকমা পেয়েছে। যশের এই নতুন ছবির স্বত্ব কিনেছে দিল রাজুর নামী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। প্রযোজক দিল রাজুর মতে, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর আকাশচুম্বী সাফল্যের পর যশের জনপ্রিয়তা এখন তুঙ্গে, আর চার বছরের দীর্ঘ অপেক্ষার পর তাঁর নতুন ছবি নিয়ে দর্শকদের উন্মাদনাও গগনচুম্বী।
সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে যেমন চরম উদ্দীপনা রয়েছে, তেমনি তৈরি হয়েছে বড় ধরনের বিতর্কও। গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটির টিজার নিয়ে আপত্তি তুলেছে কর্ণাটক রাজ্য নারী কমিশন। টিজারে ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে বিষয়টি এখন ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) পর্যন্ত গড়িয়েছে। কমিশন থেকে সিবিএফসি-কে চিঠি দিয়ে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিতর্ক সত্ত্বেও গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটি নিয়ে সিনেপাড়ায় আগ্রহের কমতি নেই। উল্লেখ্য, এই সিনেমার চিত্রনাট্য পরিচালক গীতুর সঙ্গে যৌথভাবে লিখেছেন খোদ যশ।
তারকাবহুল এই সিনেমায় যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও অক্ষয় ওবেরয়ের মতো একঝাঁক তারকা। কারিগরি দিকেও সিনেমাটি বিশ্বমানের; চিত্রগ্রহণে আছেন জাতীয় পুরস্কারজয়ী রাজীব রবি এবং সংগীত পরিচালনায় ‘কেজিএফ’ খ্যাত রবি বসরুর।
বিশেষ চমক হিসেবে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক’-এর অ্যাকশন ডিরেক্টর জে জে পেরি এই ছবির মারপিটের দৃশ্যগুলো পরিচালনা করেছেন। কন্নড় ও ইংরেজি ভাষায় মূল দৃশ্যধারণ করা হলেও ছবিটি হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হবে।
যশ এবং ভেঙ্কট কে নারায়ণের যৌথ প্রযোজনায় নির্মিত ‘টক্সিক’ আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে। মুক্তির এই সময়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ তা মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর এবং দক্ষিণ ভারতের নববর্ষ উৎসব উগাদি ও মারাঠি-গুজরাটি সম্প্রদায়ের উৎসব গুড়ি পদওয়ার সঙ্গে মিলে যাচ্ছে। বড় এই উৎসবগুলোকে কেন্দ্র করেই যশের নতুন এই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে।











































