
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণাকালে হত্যার হুমকির অভিযোগে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ১১–দলীয় নির্বাচনী ঐক্য জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন।
জিডি সূত্রে জানা যায়, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত এনসিপি প্রার্থী আখতার হোসেন শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারে ব্যস্ত ছিলেন। এ সময় অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, ফোনদাতা নিজের পরিচয় প্রকাশ না করেই ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে কলটি কেটে দেয়। এতে তার জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আখতার হোসেনের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে আখতার হোসেন বলেন, সারাদেশের মতো তার নির্বাচনী এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীরা বিভিন্ন সময় প্রকাশ্য ও গোপনে হুমকির মুখে পড়ছেন। তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে হুমকি, ভয়ভীতি, নির্যাতন ও দমন-পীড়ন মোকাবিলা করেই তারা এগিয়ে এসেছেন। হুমকি বা ভয় দেখিয়ে তাদের এই অগ্রযাত্রা থামানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।









































