জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের এক বড় চমক দিয়েছেন তিনি। ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন স্মিতা। লাল বেনারসি, জমকালো গয়না আর চন্দনের ফোঁটায় কনে সাজে স্মিতাকে দেখাচ্ছিল অনন্য।
স্মিতা নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করলেও পাত্রের পরিচয় এখনই বিস্তারিত প্রকাশ করেননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে। অতীতে চট্টগ্রামের কোনো এক ছেলের কাছ থেকে কষ্ট পাওয়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে স্মিতা লিখেছেন, “এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করবো না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে আর ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার যদি কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করবো না কেন?” তার এই আবেগঘন পোস্ট থেকে স্পষ্ট যে, মান-অভিমান ছাপিয়ে শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়েছে এবং তার জীবনসঙ্গীও চট্টগ্রামেরই ছেলে।
চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী বর্তমানে দেশের একজন পরিচিত মুখ। কলেজ জীবন থেকেই শুদ্ধ উচ্চারণে উপস্থাপনার মাধ্যমে নজর কাড়া স্মিতা ২০১৭-১৮ সালের দিকে চট্টগ্রামের শীর্ষস্থানীয় উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি শুধু উপস্থাপকই নন বরং একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর। সামাজিক মাধ্যমে ১০ লাখেরও বেশি অনুসারী থাকা এই তারকাকে তার জীবনের নতুন এই যাত্রায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসায় ভাসাচ্ছেন।











































