
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানি করলেও দেশের ভেতরে নতুন গ্যাস খনি আবিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা হবে বলে তিনি জানান।
সভায় তিনি বলেন, গত এক যুগের বেশি সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমানে মানুষ আবার মুক্তভাবে কথা বলতে পারছে এবং রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো গোপনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের উল্লেখ করে তিনি নকল সিল তৈরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কথাও তুলে ধরেন।
ঢাকা-৫ আসনের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং ভোটের ফলাফল নিশ্চিত করেই কেন্দ্র ত্যাগ করতে হবে।
দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। তার অভিযোগ, গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার সময় বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত ছিল। তবে ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরের সময় সঠিক ব্যবস্থাপনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই অবস্থান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছিল।









































