
উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়-১ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১-দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটকেন্দ্রে পৌঁছে সাধারণ ভোটারের মতোই লাইনের পেছনে দাঁড়ান সারজিস আলম। সে সময় তার সামনে প্রায় শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রায় ১০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর উপস্থিত ভোটারদের বিশেষ অনুরোধ ও সম্মতিতে তিনি ভোটকক্ষে প্রবেশ করেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সহনশীল হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলে এবং কোথাও কোনো বড় অভিযোগ না উঠলে জনগণের রায় মেনে নেওয়ার মানসিকতা তাদের রয়েছে বলে তিনি জানান।
তবে ভোট কারচুপি বা পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, কেউ যদি পেশিশক্তি খাটিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করে, তবে প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখা হবে। যদি প্রশাসন ব্যর্থ হয়, তবে ভোটকে কোনোভাবে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেওয়া হবে না।
একইসঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, দিনশেষে স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিফলন ঘটবে।











































