শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার

আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল


fakrul

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।” বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ইলিয়াস আলী, সুমনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতা–কর্মীদের কথাও উল্লেখ করেন। তিনি জুলাইয়ের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের পথ প্রশস্ত হয়েছে বলে উল্লেখ করেন।

দলের চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতা–কর্মী এবং ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নিজের পরিবারের প্রতিও ধন্যবাদ জানান পাশে থাকার জন্য। অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকেও ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব।

পোস্টে তিনি জানান, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। এর পরিবর্তে বাদ জুমা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান তিনি।

সবশেষে মির্জা ফখরুল লিখেছেন, “দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সম্পন্ন হয়। সকাল সাড়ে সাতটা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি তথ্যে দেখা গেছে, বিএনপি ও তার মিত্ররা ১৮০টির বেশি আসনে জয় পেয়েছে।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।