শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার

চুয়াডাঙ্গার দুই আসনেই জামায়াত প্রার্থীর জয়


chuadanga-jamat

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বিজয়ী ও পরাজিত প্রার্থীদের শান্তিপূর্ণ আচরণ বজায় রাখতে এবং সহনশীল থাকার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শরীফুজ্জামান পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৪৮ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৬ হাজার ৩৩৭ জন এবং ভোটগ্রহণের হার ছিল প্রায় ৭৪ শতাংশ। পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২ হাজার ৭৪১ ভোট, ধানের শীষ ৮১১ ভোট এবং হাতপাখা ৮৯ ভোট।

চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট। এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৭ হাজার ২১২ জন এবং ভোটগ্রহণের হার ছিল প্রায় ৭৮ শতাংশ।

দুই আসনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে চূড়ান্ত ফলাফল গেজেট আকারে নির্বাচন কমিশন প্রকাশ করবে।