
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদে স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের পরই গেজেট প্রকাশ করলো ইসি।
ইসির তথ্য অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। পরে প্রাপ্ত ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।
দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন অর্জন করেছে। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।





































