
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গণভোটের ফলাফলের এই গেজেট প্রকাশ করা হয়।
জুলাই জাতীয় সনদের সংবিধানসম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে এই গণভোট অনুষ্ঠিত হয়। বিপুল ব্যবধানে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুললো।
গেজেট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এতে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬টি।
এছাড়া গণভোটে বাতিলকৃত ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি বলে জানানো হয়।





































