
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক শুভেচ্ছাবার্তায় তিনি এ বিজয়কে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনে তারেক রহমান প্রজ্ঞা, সহনশীলতা ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবেন এবং দেশকে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবেন।
তিনি আরও স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান। তাদের আদর্শ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ নেতৃত্বকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা ও মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি। এ সময় জাতীয় ঐক্য, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। পরিবর্তনের এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্বও তুলে ধরেন।
সবশেষে দেশের জনগণের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।






































