
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত নির্বাচন-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ইভার্স ইজাবস বলেন, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য এবং নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। তবে প্রচারণাকালে নারীদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, ২৭টি জেলায় প্রায় ২০০টি স্থানে হামলার অভিযোগ নথিভুক্ত করেছে ইইউ পর্যবেক্ষক দল। নির্বাচনী প্রক্রিয়ায় নারী প্রার্থীদের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।





































