
নতুন মন্ত্রিসভার শপথ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
আজ শনিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা গঠনের সময় ও প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে সরকার আশা করছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নিয়মানুযায়ী যদি আমাদের বলা হয় আগামীকাল বা পরশু শপথ হবে—সেই প্রস্তুতিও রয়েছে। আবার যদি বলা হয় তিন দিন পরে হবে, তার প্রস্তুতিও আমাদের আছে।’
নতুন মন্ত্রীদের কে শপথ পড়াবেন—এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি মূলত সংসদ সচিবালয় দেখভাল করে।তিনি বলেন, ‘আমি যেটুকু জানতে পেরেছি, সেটি ইনফরমাল। তাই সেটা বলতে চাই না।’
তবে সম্ভাব্য বিকল্প হিসেবে তিনি জানান, শপথ পাঠ করাতে পারেন স্পিকার অথবা ডেপুটি স্পিকার কিংবা তাঁদের মনোনীত কোনো ব্যক্তি। প্রয়োজনে সরকার থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। বিকল্প হিসেবে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন।






































