
নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করায় জাতিসংঘ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। আজ শনিবার প্রকাশিত এক বার্তায় সংস্থাটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বার্তায় বলা হয়, অ্যান্টোনিও গুতেরেস সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছেন—জাতীয় সংহতি জোরদার করা, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা, সবার মানবাধিকার নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য।
জাতিসংঘ আরও উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, গতকাল শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, সব রাজনৈতিক পক্ষকে এই ইতিবাচক গতি ধরে রেখে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব।





































