রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার

সংখ্যালঘু ভোটারদের ওপর নির্দিষ্ট হামলার প্রমাণ নেই: কমনওয়েলথ


Commonwealth

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট হামলা বা দমনমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পর্যবেক্ষক দলের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠীর ওপর সরাসরি হামলার বিষয়ে পর্যবেক্ষক দলের কাছে কোনো রিপোর্ট পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় সংখ্যালঘু ভোটার উপস্থিতির হার তুলনামূলক কম ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে এবং পর্যবেক্ষণের ভিত্তিতে এটিকে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা যায়।

নানা আকুফো-আডো বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি, তবু অধিকাংশ প্রার্থীর জন্য ভোটাধিকার প্রয়োগ, প্রার্থী নিবন্ধন ও ফল গণনা প্রক্রিয়া উন্মুক্ত ছিল। এবারের নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।