
ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন বলে জানা গেছে। দেশত্যাগে বা বিদেশ গমনে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তাকে কোনো বাধা দেওয়া হয়নি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে রওনা হন। তার সফরের উদ্দেশ্য সম্পর্কিত আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফয়েজ আহমদ নেদারল্যান্ডের নাগরিক এবং বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০২৫ সালের মার্চ মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।
ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে দেশি ও বিদেশি সব যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





































