
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে— চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি জোট।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা মঙ্গলবার সকালেই শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন—যিনি বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।





































