রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেলো জানালো ইসি


NCP-Jamat,-BNP

বিএনপি-জামায়াত-এনসিপি। ছবি:বাংলা টেলিগ্রাফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির প্রকাশিত দলভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, বড় ব্যবধানে জয়ী হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

২৯৯টি আসনের এই নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট ইতোমধ্যে প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনে গড়ে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর ২৯৯টি আসনে অনুষ্ঠিত গণভোটে ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

আসন বণ্টনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, ইসলামী আন্দোলন ১টি এবং গণ অধিকার পরিষদ ১টি আসনে জয় পেয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টিসহ মোট ৪১টি দল কোনো আসন পায়নি।

ভোটের শতাংশের হিসাবে এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ দশমিক ০৯ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে বলে ইসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।