রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি


jatiya-sangsad

জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে পারে। এতে দেশি–বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। শপথ পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। সার্কভুক্ত কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্র অনুযায়ী, আমন্ত্রণ পেলেও পূর্বনির্ধারিত সূচির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে আসছেন না; ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকারই প্রতিনিধিত্ব করবেন।