
সিনিয়র তিন তারকা শাদাব খান আজম, শাহীন শাহ আফ্রিদি এবং বাবর
কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের সিনিয়র তিন তারকা বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং শাদাব খানকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে সাফাই গেয়েছেন তিনি।
একটি টিভি আলোচনায় ক্ষোভ প্রকাশ করে আফ্রিদি বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে থাকলে তিনি এই তিন সিনিয়রকে বসিয়ে নতুনদের খেলিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতেন। তার মতে, বড় ম্যাচে বারবার ব্যর্থ হওয়া একই খেলোয়াড়দের দিনের পর দিন সুযোগ দিয়ে দলের কোনো লাভ হচ্ছে না।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই তিন তারকার পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজম মাত্র ৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন, যা তার বড় ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতাকে আরও স্পষ্ট করেছে। বল হাতে একইভাবে ব্যর্থ ছিলেন শাহীন আফ্রিদিও; মাত্র ২ ওভারে তিনি খরচ করেছেন ৩১ রান, যার কারণে ভারতের ইনিংস শেষ দিকে পাহাড়সম পুঁজি পায়। পিছিয়ে ছিলেন না অলরাউন্ডার শাদাব খানও। বল হাতে এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও তার ধীরগতির ১৪ রান দলের পরাজয় ত্বরান্বিত করেছে।
আফ্রিদি প্রশ্ন তুলেছেন, সিনিয়র খেলোয়াড়রা যদি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারেন, তবে কেন বেঞ্চে বসে থাকা উদীয়মান তরুণদের সুযোগ দেওয়া হবে না। বছরের পর বছর এই খেলোয়াড়দের ওপর ভরসা করার ফল যদি বড় ম্যাচে শূন্য হয়, তবে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার।









































