
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এ শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির রাষ্ট্র প্রধানেরা।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও। কিন্তু তারা কেউই অনিবার্য কারণে থাকতে পারছেন না। ভারত থেকে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তান থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দলের প্রধান তারেক রহমান।
নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এরই মধ্যে ২৯৭ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।






































