রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শেয়ার

অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আমাদের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার: প্রধান উপদেষ্টা


Dr-Yunus

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত ও কার্যত তলাবিহীন অবস্থায়। তবে ধারাবাহিক সংস্কার ও নীতিগত পদক্ষেপের ফলে এখন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব ও করনীতিতে সংস্কার এবং মুদ্রা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, এখন আর আন্তর্জাতিক লেনদেনে চোখে অন্ধকার দেখার পরিস্থিতি নেই। একই সঙ্গে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় রিজার্ভ শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধি, টিসিবির কার্যক্রম সম্প্রসারণ এবং বাজার তদারকি জোরদারের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। শ্রমিক অধিকার সুরক্ষায় নতুন শ্রম আইন প্রণয়নের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

সরকারের শুরুর সময়কার চ্যালেঞ্জের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, দেশকে সচল করাই ছিল প্রথম ও সবচেয়ে কঠিন কাজ। প্রশাসনের বিভিন্ন স্তরে অনিশ্চয়তা ও আস্থাহীনতার মধ্যেই দায়িত্ব পালন শুরু করতে হয়েছে। তবে গত ১৮ মাসে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে সর্বসম্মত জুলাই সনদের ওপর গণভোট আয়োজন করা হয়েছে। নির্বাচনে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে, যা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।