শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
শেয়ার

বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান


tarek

ফাইল ছবি

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করতে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। একইদিনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে পৃথক বৈঠক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিসকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকেই সচিবালয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। নতুন প্রধানমন্ত্রীর কক্ষ প্রস্তুত করতে আসবাবপত্র, দেয়াল ও মেঝে পরিষ্কার করা হচ্ছে। একই ফ্লোরে মন্ত্রিসভা বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষও সাজানো হচ্ছে। ভবনটি নির্মাণের পর দীর্ঘদিন এ ফ্লোর কার্যত অব্যবহৃত ছিল।

নিচতলাসহ ভবনের বিভিন্ন তলায় সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। সন্ধ্যা পর্যন্ত গণপূর্ত বিভাগের কর্মচারীদের পিকআপ ও ভ্যানগাড়িতে করে ফুলের টব আনতে দেখা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ও মন্ত্রিসভার সদস্যরা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তিনি সচিবালয়ে পৌঁছাবেন এবং প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।

সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও এটি মূলত পরিচিতিমূলক বৈঠক হিসেবে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।