
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়।
শপথের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি নতুন প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধনসামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয়েছে।
প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস শুরু করবেন তারেক রহমান। সেখানে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়েই মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন এবং বিকেল ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবস ঘিরে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা আরও জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যস্ততা বেড়েছে। নতুন ভবনের ছয়টি লিফটই ছিল ব্যস্ত। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ছুটোছুটি করছেন কর্মকর্তারা, সবার হাতেই ফাইল।
উল্লেখ্য, প্রচলিত রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।






































