
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প না পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের কর্মদিবসের প্রথম দিনে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ‘শপথ গ্রহণের দিন সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে যেভাবে জাম্প করে ঢুকেছেন শিক্ষাখাতে এ রকম কিছু হবে কি না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
কারিকুলাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে।
বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময়ে শিক্ষাখাতের কথা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, ‘২০০১ এ দায়িত্ব পাওয়ার পরে নকলও প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলোতো চলেই গেছে, সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।’






































