
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনই কোটিপতি—যার হার ৯১ দশমিক ২৫ শতাংশ। আর ৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন ১৮৭ জন (৬২ দশমিক ৯৬ শতাংশ)।
বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০১ জনই কোটিপতি (৯৬.১৭ শতাংশ)। আর বাংলাদেশ জামায়াতে ইসলামির ৬৮ জনের মধ্যে কোটিপতি ৫২ জন (৭৬.৪৭ শতাংশ)।
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এতে আরও জানানো হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে মাত্র ২ জনের সম্পদ ২৫ লাখ টাকার কম।
সুজনের বিশ্লেষণে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে কোটিপতির হার বেড়েছে। পাশাপাশি স্বল্প সম্পদের প্রার্থীদের নির্বাচিত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
সম্পদশালী বিজয়ীদের তালিকায় শীর্ষে রয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। এরপর রয়েছেন ফেনী-৩ আসনের আবদুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের।





































