
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর কার্যকর ফল দেখতে পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় এই কর্মসূচি বাংলাদেশে একটি মহাবিপ্লব হিসেবে শুরু হয়েছিল। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে, জলাশয়ে পানি কমে গেছে এবং সেচের সুযোগও সীমিত। এবার নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন প্রক্রিয়াকে পুনঃখননের মাধ্যমে কার্যকর করার কথা উল্লেখ করেছেন, যাতে দেশের মানুষ সুবিধা পায়।’
তিনি আরও জানান, ‘আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একত্রে বসে আলোচনা করবে। পরবর্তী সপ্তাহে কর্মসূচি কার্যকর করার সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হবে। ১৮০ দিনের মধ্যে কার্যক্রম শুরু হবে।’





































