রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
শেয়ার

২১ ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি


RAB-DG

আগামীকাল ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, কোনো নির্দিষ্ট হুমকির তথ্য না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, শহীদ মিনার এলাকায় র‍্যাবের ইনার ও আউটার প্যারিমিটার নির্ধারণ করে একাধিক সেক্টরে দায়িত্ব ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকবে ফুট পেট্রোল, যানবাহন টহল ও স্ট্রাইকিং রিজার্ভ। পুরো এলাকাটি আগেই সুইপিং করা হয়েছে এবং র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। পাশাপাশি ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ডগ স্কোয়াড ও স্পেশাল ফোর্সও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, শুধু রাজধানী নয়, দেশব্যাপীও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সব কার্যক্রম সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।