
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। দিবসটি উপলক্ষে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাও ঢেলে সাজানো হয়েছে। নীলক্ষেত, পলাশী ও বকশিবাজার ক্রসিংসহ সাতটি স্থানে যান চলাচলে ডাইভারশন থাকবে এবং তিনটি স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, ২১ ফেব্রুয়ারি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঝুঁকি না থাকলেও ঢাকা ও সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পরে শহীদ মিনার এলাকা পরিদর্শন করে র্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান বলেন, শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি সারাদেশেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
ডিএমপি কমিশনার আরও জানান, শহীদ মিনারের চারপাশে র্যাব ও পুলিশের পৃথক কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।





































