
ছবি: সংগৃহীত
প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন পুনরায় সব ধরনের ভিসা কার্যক্রম চালু করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য এই সেবা উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। হাই কমিশনের বরাতে জানানো হয়, শুক্রবার সকাল থেকেই সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে চলছে।
বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এমন বড় অগ্রগতি দেখা গেল। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও ইতিবাচক সংকেত দেওয়া হয়েছিল। ভারত জানিয়েছিল, তারাও খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে।
দুই দেশের এই কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকার দুটি পত্রিকা অফিস ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত।
পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। এর ফলে দীর্ঘ দুই মাস দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত ও জরুরি প্রয়োজনে ভিসা সংগ্রহে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান এবং টেলিফোনে দুই নেতার মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে দিল্লিতে বাংলাদেশের ভিসা সেবা পুনরায় চালু হলো।





































