রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা


তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।

বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সরকার প্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন।

প্রধানমন্ত্রী আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।

কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য যেন ভুলেই গিয়েছিলেন, তাঁরা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পাচ্ছেন।

কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।