
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত—শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়—এমন প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয় পোস্টে।






































